
মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে রাতে টানানো একটি ব্যানার শনিবার দুপুরে ছিঁড়ে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নগরের কুমারপাড়া এলাকায় ধ্বংসস্তূপের সামনে টানানো ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়।
বিএনপির রাজশাহী মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু জানান, শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয়ের কেউ ওই স্থানে ব্যানারটি টানিয়ে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে যান। পরে তার নেতৃত্বে ব্যানারটি ছিঁড়ে ফেলে আগুন দেওয়া হয়।
তিনি বলেন, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে ব্যানার টানানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হয়েছে। কয়েকজনকে ব্যানার টানানোর পর এলাকা ত্যাগ করতে দেখা গেলেও তাদের স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কে বা কারা ব্যানারটি টানিয়েছে কিংবা আগুন দিয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুব্ধ জনতা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর একদল লোক ভবনটির অবশিষ্ট অংশও ভেঙে ফেলে।

রাজশাহী প্রতিনিধি 
















