
আব্দুর রাজ্জাক বাপ্পী,ঠাকুরগাঁও:- জামায়াত ইসলামী দল না, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যায়। সেই সাথে জামায়াত ইসলামের নাম করে মানুষের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও -১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি একথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা বিএনপি সবসময় কাজে কর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না।
তিনি বলেন, আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। তারা আমাদের থাকছে, আমরা একসাথে ছিলাম।
জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখন তারা আসছে নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।
এই দলটা সম্পর্কে একটু কথা বলবো, আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব – তিনি পরিস্কার করে বলতেছে জামায়াত কোন ইসলামি দল না।
জামায়াত ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিস্কার করে বলতেছে – জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষের সাথে প্রতারণা করতেছে, আর ভুল বোঝাচ্ছে। আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে- দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।
মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোন মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে।
জামায়াতের আমিরের এক্সহ্যান্ডেলের পোস্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তারমধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা?
তিনি বলেন, যে দল বা দলের নেতা, এটা আমি কিন্তু বলতেছিনা, পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় আসছে, এভাবে আমাদের যে অর্ধেক যে মানুষ আমার মা-বোন; আল্লাহ তায়ালা বলছেন – মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো?
ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ঠিক সাতদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক দিন পরে আপনারা সুষ্ঠু একটা ভোট দিতে পারবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। এটাই তো ভোট। আর গত ১৫ বছরে আমাদের সব ভোট ওরা নিয়ে নিছে। রাতের বেলা তারা ভোট নিয়ে চলে গেছে।
তিনি বলেন, গত ১৫ বছরের মত ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি- আল্লাহ তায়ালা এবার সুষ্ঠু, অবাধ পরিবেশে নির্বাচন করার সুযোগ করে দিবেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছরে ঠাকুরগাঁও সদর আসনের তেমন কোন উন্নয়ন হয়নি, আপনারা যদি এবারের নির্বাচনে আমাকে নির্বাচিত করেন তাহলে এই আসনের উন্নয়ন করবো।
সকলের কাছে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এবারের সংসদ নির্বাচনে আপনারা সবাই মিলে আমাকে ধানের শীষে ভোট দিবেন। ধানের শীষ জিতলে এ জেলার উন্নয়ন হবে, পাশাপাশি এখানকার বেকার সমস্যা দূর হবে।
























